Tuesday, March 4, 2014

চলো পালিয়ে যাই

ধূলিসাৎ জীবনের লিপিরেখা এঁকে চলে কবি,
বালি-কাঁকরে কেটে কেটে দাগ সে আঁকে ছবি।
লোকে বলে "পাগল, নিষ্কর্মা, উজবুক, ছোটলোক"।
কেউ কেউ অবজ্ঞাভরে দিয়ে যায় ছুঁড়ে চাহনি এক ঝলক।
অনেকে ঢিল মারে, কেউ দেয় থুতু, মাছি এসে উড়ে বসে জুড়ে।
পাড়ার ছেলের দল স্কুল-ফেরতা মুখ ভ্যাংচায় নাকিসুরে।
দিনের আলো পড়ে এলে আসে গার্ড, "এই, কৌন হ্যায়"!
দেখে সে টর্চের আলোয় পাগল অঘোর ঘুমায়।
লাথি মারতে মারতে তাকে নিয়ে চলে যায় অন্য চুলোয়,
যেখানে সে থাকবে আরো নিশ্চিন্তে, আরো নির্বিকার ধুলোয়।
অনেক দিন কেটে গেছে, কারোর নেই কোনো ক্ষোভ,
মলিন বিস্মৃত বিশীর্ণ জীবনের হারিয়েছে শেষ অভিযোগ,
লোকে চেয়ে চেয়ে দেখে হাসে কাঁদে গায় লাফায় এক পাগল,
সারা গায়ে জড়ানো রয়েছে তার ভারী ভারী লোহার শেকল।

(Acknowledgement:  Opening sequence of the movie "Grave of the Fireflies" by Isao Takahata)

যখন একদিন

কিছু কিছু ভালোবাসা না বলা থেকে যায়,
সন্ধ্যাকাশের রাঙা ধুলোর অধরা কুয়াশায়।
কিছু কিছু চেনাশোনা শেষ হয় অপরিচয়ে,
বেদনা শুধু থাকে জেগে অবাক বিস্ময়ে।
কাল চলে তার নিজের নিয়মে, মানে না কোন বাধা,
আশার জটিল গ্রন্থি থেকে থেকে মনে লাগায় ধাঁধা।
ফিরে ফিরে আসে দ্বিধা-দ্বন্দ্ব অনাগতের বিকর্ষণে,
বুভুক্ষার নির্লজ্জ ব্যঙ্গ রূপকথা শোনায় কানে কানে।
ঝড়ে টলমল জাহাজ আছড়ে খোঁজে কূল,
উত্তাল নদীর পাড়ে যেমন এক গাছ ছিন্নমূল।
সব শেষ হয়েও পড়ে থাকে শব অসীম নগ্নতায়,
পিছন ফিরে তাকিয়ে দেখা তাই একান্ত দুরাশায়।
সবাই বলে, "এগিয়ে চলো, সামনে দেখো, চেয়ো না ফিরে",
বসন্ত-পূর্ণিমার চাঁদ মুচকে হাসে আকাশজুড়ে।

(Alternative last line: বসন্ত-পূর্ণিমার চাঁদ ছড়ায় রূপো সমুদ্রতীরে।)

Wednesday, October 23, 2013

PhD Thesis of my Maternal Grandfather

Folk life and culture of Rangpur (based on the local dialect of Bengali)
- Kali Prasad Biswas

Department of Bengali, University of Calcutta, 1958.

Thesis Link

His younger brother, Subas Kanti Biswas, did his PhD in Metallurgy from University of Calcutta in 1967. The dissertation is titled "Study on the tempering characteristics of certain steels containing cobalt" (link).

Sunday, October 28, 2012

A Poem by Kamalpriya Roy (Katy, TX)

শ্রাবণসন্ধ্যা

আজ শ্রাবণের বিরহিণী ব্যাকুল সায়াহ্নে
বসে আছি বাতায়ন পাশে,
ঝরিছে অঝোর ধারা, বায়ু বহে দিশাহারা
অবিশ্রান্ত সিক্ত ধরা
যেন চাহিয়া রয় কার মুখপানে,
কহিতে চাহে যে কথা তাহা কেহ নাহি জানে |
সেই চাহনিকে সঙ্গে লয়ে
মম মন ধায় মেঘদূত বার্তা বহে
কোন সুদূরের পথপানে,
যেথায় শাল্মলী, তাল-তমাল বনে
ঘুরে ফিরে কার পূর্বজনমের কথা,
কদম্বের মধুর সুবাসে কেকার মুখর স্বরে
যেন কোন অনুপম মুরলীমোহন সুরে
জাগায়ে তুলেছে এক বিস্মৃতির ব্যথা,
আনন্দ ও বেদনায় মিলে
সে এক অপরূপ রূপকথা |

Sunday, August 26, 2012

একজন বন্ধুর বিবাহ উপলক্ষ্যে

এসেছিল প্রেম শান্ত চরণে, নিবিড় গগনছায়ে,
পিককুহুতানে, আনত নয়ানে, চির-বসন্ত-বায়ে |
দেখেছিলে প্রাণ নীড়-অভিযান, কাল-ছন্দে তব
জেগেছিল মীড় গোপন গভীর, সকরুণ অভিনব |
দীর্ঘ-প্রবাস-লব্ধ-প্রণাশ জেনেছিল তার সীমা,
শ্রান্ত তপ্ত জীবনপ্রবাহে একফালি চন্দ্রিমা |
স্তব্ধ নিশার নীরব-অভিসার-শেষে বাজে ভৈরবী,
অশ্রুসাগরকূল হতে আজি ওঠে রক্তিম রবি |
এসো এসো প্রেম, সুনীল সফেন, কর পূত গৃহ মোর,
এসো প্রতিবেশী, বন্ধু, প্রবাসী, রাত্রি হয়েছে ভোর |
আশীর্বচন মাগি সবাকার, সংসারপথে নব
দাও ভরি কর প্রবীণ প্রবর, চির-আনন্দে তব |
সুখ-দুঃখের ক্ষুদ্র সীমানা ম্লান হয়ে যাক আজি,
শান্তিবারির অরূপের স্রোতে মাধুরী উঠুক সাজি |

Sunday, June 24, 2012

নেশার অভ্যাস

সব কিছু বারবার করাই নেশা ;
শুধু পান-বিড়ি-সিগারেট নয় |
এই যেমন বেঁচে থাকা,
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা,
মুখ ধোয়া, খাওয়া,
বাজারে যাওয়া,
অফিসে যাওয়া,
আর ফিরে এসে ঘুমিয়ে পড়া |

প্রথম চুমু নেশা নয় ;
যেমন নয় প্রথম সঙ্গম |
নয় প্রথম অপাঙ্গদৃষ্টি কিম্বা প্রথম প্রেমালাপ |
প্রাথমিকতার বাধা কাটলেই
যেমন প্রথম প্রেমপত্র হয়ে ওঠে চিরাভ্যস্ত নেশা,
জীবনও তেমনই হয় এক নেশাগ্রস্ত অভ্যাস |

ডাইনোটা কি জানে ?

আজ সকালের মেঘ্টায় ছিল একরাশ দলছুট গিরগিটির অভিমান
তুই আরেকটুক্ষণ আমার কাছে থাকতেই পারতিস, সুরঙ্গমা |
ডাইনোসরটা অনেকক্ষণ হলো পালিয়ে গেছে, তখন বৃষ্টি শুরু হয়নি
সুরঙ্গমা, কালকে রাত্রে তুই যখন সোফায় গিয়ে শুলি, প্রথমটা খুব রাগ হয়েছিল
জঙ্গল আর পাহাড়গুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে লাল ধুলোয়
সত্যি বলছি তোকে, প্রথমটা খুব খুব রেগে গেছিলুম তোর ওপরে
কিন্তু ওই যে, তখনো আকাশ কালো হয়ে ট্রায়াসিক পতঙ্গের দল নামেনি
তোর অভিমানটা বড্ড বেশী, তুই কি সেটা জানিস, সুরঙ্গমা ?
এখনো বোধ হয় আরেকটু দেরিই আছে জঙ্গলগুলো সব পাহাড়ের তলায় চাপা পড়তে
সেই ফাঁকে তুই না হয় আমার কাছে চলেই আয়
তিন সত্যি করছি, ক্রুড অয়েলের অর্ধেকটা তোকেই দিয়ে দেব
তুই শুধু শেষ বারের মত আমার মনপোষা গিরগিটিগুলোকে নিয়ে চলে আয় |