Sunday, June 24, 2012

নেশার অভ্যাস

সব কিছু বারবার করাই নেশা ;
শুধু পান-বিড়ি-সিগারেট নয় |
এই যেমন বেঁচে থাকা,
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা,
মুখ ধোয়া, খাওয়া,
বাজারে যাওয়া,
অফিসে যাওয়া,
আর ফিরে এসে ঘুমিয়ে পড়া |

প্রথম চুমু নেশা নয় ;
যেমন নয় প্রথম সঙ্গম |
নয় প্রথম অপাঙ্গদৃষ্টি কিম্বা প্রথম প্রেমালাপ |
প্রাথমিকতার বাধা কাটলেই
যেমন প্রথম প্রেমপত্র হয়ে ওঠে চিরাভ্যস্ত নেশা,
জীবনও তেমনই হয় এক নেশাগ্রস্ত অভ্যাস |

ডাইনোটা কি জানে ?

আজ সকালের মেঘ্টায় ছিল একরাশ দলছুট গিরগিটির অভিমান
তুই আরেকটুক্ষণ আমার কাছে থাকতেই পারতিস, সুরঙ্গমা |
ডাইনোসরটা অনেকক্ষণ হলো পালিয়ে গেছে, তখন বৃষ্টি শুরু হয়নি
সুরঙ্গমা, কালকে রাত্রে তুই যখন সোফায় গিয়ে শুলি, প্রথমটা খুব রাগ হয়েছিল
জঙ্গল আর পাহাড়গুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে লাল ধুলোয়
সত্যি বলছি তোকে, প্রথমটা খুব খুব রেগে গেছিলুম তোর ওপরে
কিন্তু ওই যে, তখনো আকাশ কালো হয়ে ট্রায়াসিক পতঙ্গের দল নামেনি
তোর অভিমানটা বড্ড বেশী, তুই কি সেটা জানিস, সুরঙ্গমা ?
এখনো বোধ হয় আরেকটু দেরিই আছে জঙ্গলগুলো সব পাহাড়ের তলায় চাপা পড়তে
সেই ফাঁকে তুই না হয় আমার কাছে চলেই আয়
তিন সত্যি করছি, ক্রুড অয়েলের অর্ধেকটা তোকেই দিয়ে দেব
তুই শুধু শেষ বারের মত আমার মনপোষা গিরগিটিগুলোকে নিয়ে চলে আয় |

Tuesday, January 24, 2012

অনুভাবক

ম্লান হয়ে আসে দিবসের আলো, কন্যা বাঁধিছে চুল,
ক্ষীণ মর্মর নদী-কলস্বর পরশে বৃক্ষমূল।
জ্বলে ওঠে বাতি নিবিড় তিমিরে, গগনে তারকাচয়,
অচেনা ফুলের অজানা সুবাস ভরিয়াছে বনময়।
স্তব্ধ নিশার আঁধার ভেদিয়া দূরে বেজে ওঠে শাঁখ,
মন্দিরতল জন-আকীর্ণ, এতটুকু নাহি ফাঁক।
পাখিরা ফিরিছে নিরালা কুলায়ে, রাখাল ফিরেছে ঘরে,
দাওয়ায় বসিয়া গৃহবধূ সবে রামায়ণ-কথা পড়ে।
ইহারা কেহই পারেনি জানিতে বহুদূর এক দেশে,
সপ্ত সাগর, তেরো নদী আর তিন ভুবনের শেষে,
রয়েছে যে দেশ দশার্ণ গ্রাম, বিপাশা নদীরও পরে,
রাত্রির শেষে যেথায় ধরণী তুহিন-মূরতি গড়ে;
সেই দেশে আজি নিশীথ-আকাশে উঠিয়াছে এক তারা,
ধরার ধূলির করুণ বেদনা তার হয়ে গেছে সারা।

Dedicated to: Late Mr Joe Paterno (JoePa), retired Penn State football coach

Friday, November 4, 2011

চাওয়া

আমি চেয়েছিলাম কবিতা লিখতে;
লাল, নীল, সবুজ, হলুদ,
নানা রঙের কবিতা।



আমি চেয়েছিলাম পাখি হতে,
কাক, চিল, চড়ুই, বাবুই,
নানা রকম ডাক।



আমি চেয়েছিলাম দেশ-বিদেশ ঘুরতে;
এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা,
কত রকমের মানুষ।



আমি চেয়েছিলাম সব কিছু জানতে;
ইতিহাস, ভূগোল, সাহিত্য, গণিত,
রসায়ন, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান।



পেয়েছি অনেক কিছুই।
কিন্তু কোনদিন বুঝতে পারিনি আমার ঠিক কি চাই।

And I Came Back

I was wandering alone;
The silent bard in me, as always,
Chipped in with his little voice,
"Hey, are you forgetting something?"
I looked around, visibly perplexed,
If not a little vexed,
At this sudden incursion.
But I failed to see anything, at least anything of importance.

I wondered aloud:
"I have nothing to take with me,
And am leaving for good."
The bard in me cooed,
Rather softly,
"Won't you show me your last poem?"

Tuesday, November 1, 2011

নির্বাসিতা

দূরেই যদি যেতে চেয়েছিলে
তবে কাছে এলে কেন?
কেন তোমার হাতের ছোঁয়ায়
আমার জীবন উঠল ভরে,
আমার মন বাঁচতে শিখল নতুন করে?
কেনই বা নিলে নিজেকে দূরে সরিয়ে
বারবার আশা-নিরাশার দোলাচলে
সবকিছু অস্পষ্ট, অনিশ্চিত করে দিয়ে?

ঠিক আছে।
গেছই যখন, কিছু আর বলব না।
জানাব না কোন আপত্তি, কোন অভিযোগ।
অবিচারের প্রতিকার চাইতে যাব না কোন বিচারকের কাছেও।
কিন্তু হে প্রিয়তমা, হে নিরুপমা, এটুকু শুধু রেখো মনে,
আমার চাইতে বেশি করে তোমায় আর কেউ চায়নি জীবনে।

কায়া

তোমার স্তনে চুম্বন এঁকে দিচ্ছে আমার ঠোঁট,
একটু আগেই যে ঠোঁট ছিল তোমার চোখের পাতায়।
বুকের মাঝে রক্ত ছলাৎ-ছল,
ফোটে অক্ষর মোর কবিতার খাতায়।
কাল রাতের লিপস্টিক তোমার অধরে এখনো তাজা,
লেগে আছে চুলে কেতকীর মৃদু সৌরভ,
নেমে আসে ঠোঁট ধীরে তব নাভিমূলে,
সামনে বিপুল অজানার গৌরব।

ছুঁয়েছে এ ঠোঁট দুর্গম গিরিবর্ত্ম,
ছোঁবে আরো জানি দুস্তর কন্দর,
খুঁজেছে এ চোখ তোমার ভ্রূপল্লবে
দুরাশার মাঝে আশাকে নিরন্তর।
অপাঙ্গে তার সুদূরের হাতছানি
শোনায় আমাকে রাত-মোহানার বাণী ...